
আবেগ নয়, পেশাদারিত্বে ক্রিকেট বোর্ড পরিচালনার পরামর্শ আসিফ মাহমুদের
দেশের ক্রিকেটের উন্নয়নে আবেগ নয়, বরং বাস্তবতা ও পেশাদারিত্বকে প্রাধান্য দিয়ে ক্রিকেট বোর্ড পরিচালনা করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি আসন্ন নির্বাচনসহ বিসিবির সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে মত প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, “আমি মনে করি ক্রিকেট বোর্ডটা প্রফেশনালি চালানো উচিত। আবেগ বা ব্যক্তিগত সম্পর্ক দিয়ে চিন্তা করা উচিত না। সবার ভালো-খারাপ দিক আছে। তামিম ভাই কোনো একটা দিকে ভালো করবেন, বুলবুল ভাই অন্যকোনো দিকে ভালো করবেন আবার ফারুক ভাইও। আমি মনে করি, সবার অভিজ্ঞতা, পরামর্শগুলো কাজে লাগানো উচিত।”
ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার বিষয়ে ব্যক্তিগত আক্রোশের অভিযোগ নাকচ করে তিনি আরও বলেন, “ফারুক ভাইকে যখন সভাপতি করা হয় তখনো আমি ক্রিকেটারদের থেকে মতামত নিয়েছি। তাদের কাছে অপশন রেখেছিলাম, এই চার-পাঁচজন আছে আপনারা বলেন। তামিম ভাইও ফারুক ভাইয়ের নাম বলেছিল।”
বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, “ওনি ক্রিকেটটাকে আরও ভালো কোনো জায়গায় নিয়ে যেতে পারবে যদি উনি আরও সুযোগ পান। তাকে আনার পেছনে কারণটা ছিল, আফগানিস্তানের ক্রিকেটকে উনি অনেক উপরে তুলেছেন। এশিয়া অঞ্চলে ওনার কাজ করার অভিজ্ঞতা আছে। মিনি বিসিবি করার পরিকল্পনাটা অনেক আগে থেকে নেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। এখন বাস্তবায়নের পথে যাচ্ছে। ওনার অভিজ্ঞতাটাকে কাজে লাগানো প্রয়োজন।”
ক্রীড়া উপদেষ্টা বিশ্বাস করেন, বিসিবিতে অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের সমন্বিত ভূমিকা দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।