গাইবান্ধা প্রতিনিধি: প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে আধুনিক প্রযুক্তির বিশ্বে নিজের জায়গা তৈরি করে নিচ্ছেন এক তরুণ উদ্যোক্তা। মোঃ আরিফুল ইসলাম, যার জন্ম ১৯৯৯ সালে গাইবান্ধা জেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামে। লেখাপড়ার পাশাপাশি প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেট ও মোবাইলের প্রতি তার ছিল তীব্র আকর্ষণ। মানুষের ছোটখাটো প্রযুক্তিগত সমস্যা সমাধান করার নেশা থেকেই তিনি আজ একজন ইউটিউবার, ডিজিটাল মার্কেটার এবং ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজার হিসেবে পরিচিতি পেয়েছেন।
আরিফুলের শিক্ষাজীবন শুরু হয় তার গ্রাম বালুয়া প্রাথমিক বিদ্যালয় থেকে। পরবর্তীতে বালুয়া উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি এবং ২০১৭ সালে এম.এ. মোত্তালিব টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর তিনি মহিমাগঞ্জের ঐতিহ্যবাহী আলী কামিল মাদ্রাসা থেকে ফাজিল অনার্স ডিগ্রি অর্জন করেন।
ছোটবেলা থেকেই আরিফুল তার অর্জিত জ্ঞান দিয়ে মানুষের উপকার করতে ভালোবাসতেন। বিশেষ করে, গ্রামের মানুষের মোবাইলের যেকোনো সমস্যায় তিনি ছিলেন এক ভরসার নাম। এই পারদর্শিতা এবং মানুষকে সাহায্য করার মানসিকতা থেকেই ২০১৯ সালে তিনি “Uncreative Ariful” নামে একটি ইউটিউব চ্যানেল খোলেন। তার চ্যানেলের মূল উদ্দেশ্যই হলো মানুষের প্রযুক্তিগত সমস্যার সহজ সমাধান তুলে ধরা।
ইউটিউবের পথচলা মসৃণ ছিল না। জীবনে নানা প্রতিকূলতা আসলেও তিনি হাল ছাড়েননি। আরিফুল জানান, “আমি এখনো ইউটিউবে চূড়ান্ত সফল না হলেও, আমার একটি ছোট্ট কমিউনিটি তৈরি হয়েছে। তারা যেকোনো সমস্যায় আমার কাছে ছুটে আসেন এবং তাদের জন্যই আমি ভিডিও তৈরি করি।” তার এই আন্তরিক প্রচেষ্টার ফলেই তিনি তার অনুসারীদের কাছে জনপ্রিয়তা লাভ করেছেন।
ইউটিউবিংয়ের পাশাপাশি আরিফুল নিজেকে একজন দক্ষ ডিজিটাল মার্কেটার ও ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজার হিসেবেও গড়ে তুলেছেন। তিনি ভবিষ্যতে একজন সফল ইউটিউবার এবং ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ হয়ে দেশের ডিজিটাল অগ্রগতিতে ভূমিকা রাখতে চান। আরিফুল ইসলামের এই পথচলা গ্রামের তরুণদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।